নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরে সদর উপজেলার সরিষাহাটির মোড় এলাকার একটি সাততলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার শহীদুল মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মছির উদ্দিন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, দুপুরের দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা ভবনটির দিকে ছুটে যান। সেখানে গিয়ে ভবনের লিফটের ফাঁকা জায়গায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, "গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাধারণত এখানে কেউ আসে না। হঠাৎ শব্দ পেয়ে ভেতরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।"
ঘটনাটি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেলোয়ার হোসেন ভবনের লিফটের তার বা ধাতব রেলিং চুরির উদ্দেশ্যে সাততলায় উঠেছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠায়।"

একটি মন্তব্য পোস্ট করুন