কক্সবাজার, ৮ এপ্রিল: কক্সবাজারের টেকনাফ উপকূলীয় জলসীমা থেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে, টেকনাফ ও সেন্টমার্টিনের মাঝামাঝি এলাকায় বাংলাদেশের জলসীমার কাছাকাছি। অপহৃতদের এখনও কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, অপহৃত জেলেরা নাফ নদী ও সাগরে নিয়মিত মাছ শিকার করতেন। হঠাৎ করে এমন ঘটনায় উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত জেলেদের উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন