বাটা কোনো ইসরায়েলি কোম্পানি নয়, ভাঙচুরে দুঃখপ্রকাশ—প্রতিষ্ঠানের স্পষ্ট ব্যাখ্যা



ঢাকা, ৭ এপ্রিল: চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশে বাটা শোরুমে চালানো ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা এসেছে। সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং তাদের এই সংঘাতের সঙ্গে কোনো রাজনৈতিক সংযোগ নেই।

বিবৃতিতে বলা হয়, “বাটা গ্লোবালি একটি বেসরকারিভাবে মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠা চেক প্রজাতন্ত্রে। এ প্রতিষ্ঠানের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলমান সংঘাতের সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততাও নেই।”

বাটা আরও জানায়, বাংলাদেশের কিছু খুচরা বিক্রয়কেন্দ্রে সম্প্রতি চালানো হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা গভীরভাবে দুঃখিত। তারা ধারণা করছে, ভুল তথ্যের ভিত্তিতে এসব ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটি আরও বলে, “আমরা যেকোনো ধরনের সহিংসতাকে দৃঢ়ভাবে নিন্দা করি। বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে সেবা দিয়ে আসছে এবং সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এর আগে ৭ এপ্রিল সন্ধ্যায় খুলনা নগরীতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকে শিববাড়ি মোড়ে বাটা শোরুমে ভাঙচুর চালানো হয়। শোরুম কর্তৃপক্ষ দাবি করে, এসময় কিছু মালামাল লুটও হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language