মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল – বাংলা নববর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জে বিএনপির আয়োজিত আনন্দ শোভাযাত্রায় তুচ্ছ ঘটনা থেকে সংঘর্ষে রূপ নেয় একপর্যায়ে, এতে বেশ কয়েকজন আহত হন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো. শুভ (২৮) ও শীমন (২০) নামের দু’জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুজনই সদর উপজেলার গোসাইবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর করিম জানান, তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল, প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা বিএনপির শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। শোভাযাত্রাটি সুপারমার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা দ্রুত কিলঘুষি ও হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজনার সূত্রপাত শহরের উত্তর ইসলামপুর ও পঞ্চসার এলাকা থেকে আগত কর্মীদের মধ্যে হয়। তবে দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, “আমি মিছিলের সামনের দিকে ছিলাম, পেছনে কী হয়েছে তা তখন জানতে পারিনি। পরে কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, “ঘটনাটি তুচ্ছ বিষয় নিয়ে সৃষ্ট হট্টগোল ছিল। উভয় পক্ষই পরে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিয়েছে। কেউ অভিযোগ দেয়নি।”
নববর্ষের দিনেই এমন ঘটনার জেরে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন