রাজনীতিতে ধর্ম আনা হলে ধর্ম কলুষিত হয়” — আবুল কাশেম ফজলুল হক


রাজনীতিতে ধর্মের সংমিশ্রণ ধর্মকে কলুষিত করে তোলে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক। তিনি বলেন, দেশে নিবন্ধিত প্রায় ৫০টি রাজনৈতিক দল থাকলেও তারা রাষ্ট্র ও জাতি গঠনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি।

শনিবার (৩ মে) বিকেলে জনতা পার্টি বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

আবুল কাশেম ফজলুল হক বলেন, দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অনির্বাচিত। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ও দায়িত্বহীনতার কারণেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি — এ তিন প্রধান রাজনৈতিক দলই তাদের স্বকীয় রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে। যার ফলে দেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বিদেশি শক্তিগুলো প্রভাব বিস্তার করছে। তার মতে, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া প্রকৃত শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language