ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় এটি হুতিদের চতুর্থ হামলা।
শনিবার (৩ মে) সকালে জেরুজালেমসহ একাধিক শহরে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। ওই সময় ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায়।
পরে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। হামলায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার হুতি গোষ্ঠী ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এই হামলাগুলোর পেছনে হুতি গোষ্ঠী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কথা বলেছে, বিশেষ করে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোকে 'অ্যারো ৩' প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
এছাড়া, হামলার ফলে জেরুজালেমের কাছে একটি গ্যাস স্টেশনের নিকটে এবং একটি খোলা মাঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যদিও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ইসরায়েলের ওপর হামলা চালাবে, তাদেরকে 'চড়া মূল্য' দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন