চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার (৫ মে) কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার দেশে ফেরার কথা রয়েছে। এ সময়রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক যৌথসভা শেষে তিনি এসব তথ্য জানান।
মির্জা ফখরুল জানান, প্রাথমিকভাবে খালেদা জিয়ার স্বাভাবিক ফ্লাইটে ফেরার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হয়। বিএনপির প্রেস উইং নিশ্চিত করেছে যে, কাতারের আমীরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন।
তিনি বলেন, “নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো যানজট না হয়। এক হাতে জাতীয় পতাকা ও অন্য হাতে দলীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে।”
খালেদা জিয়া বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে কাকলি হয়ে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছাবেন বলেও জানান ফখরুল।

একটি মন্তব্য পোস্ট করুন