এবার ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

 


কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাল্টাপাল্টি পদক্ষেপে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

এদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থ বিবেচনায় ভারত এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। কোনো ব্যতিক্রম ঘটলে তা শুধুমাত্র সরকারের পূর্বানুমোদনের ভিত্তিতেই অনুমোদিত হবে। এর ফলে ভারত-পাকিস্তানের একমাত্র কার্যকর স্থল বাণিজ্যপথ, ওয়াঘা-আটারি সীমান্ত ইতোমধ্যেই সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।

এনডিটিভির তথ্যমতে, দিল্লি সরকারের মতে, এই নিষেধাজ্ঞা সরাসরি জাতীয় নিরাপত্তা ও নীতিগত স্বার্থরক্ষার অংশ। নির্দেশনায় আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতার বাইরে যেতে হলে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনুমতি নিতে হবে।

ভারতের এমন পদক্ষেপ ঘোষণার পর দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। দেশটি স্থলপথে ভারত থেকে আসা সব ধরনের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকেই ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে কার্যত আমদানি বন্ধ করে দেয়। ভারতীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পাকিস্তান থেকে ভারতের মোট আমদানির পরিমাণ ছিল ০.০০০১ শতাংশেরও কম।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language