শেরপুর, ৭ এপ্রিল: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইউএনও ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে শেরপুরের সিআর আমলি আদালতে মোহাম্মদ গোলাপ হোসেন নামের এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ১৩ জুন একটি নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু ক্রয় করেন গোলাপ হোসেন। তবে বালু বুঝিয়ে দিতে টালবাহানা শুরু করেন তৎকালীন বকশীগঞ্জ ইউএনও মাসুদ রানা এবং তিনি ৬ লাখ টাকা ঘুষ দাবি করেন।
মামলায় আরও বলা হয়, মাসুদ রানা পরবর্তীতে জামালপুরে বদলি হয়ে গেলে, বালু বুঝিয়ে না দিয়ে তা অন্যত্র বিক্রি করেন বর্তমান নালিতাবাড়ী ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার আনিসুর রহমান।
বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জাহিদুল হক আধার বলেন, “আসামিরা পরস্পর যোগসাজশে ৬ লাখ টাকা চাঁদা দাবির উদ্দেশ্যে আমার মক্কেলকে হয়রানি করে আসছিলেন। আদালতে আমরা ন্যায়বিচারের আশায় মামলা করেছি।”
আদালত মামলাটি আমলে নিয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন