নরসিংদীর শিবপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) সকালে নিহতের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাবের হোসেন (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার শামসুন্নাহার (৭০) চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম নরুল হকের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহারের ছেলে জাবের হোসেন একজন মাদকাসক্ত। মাদকের জন্য প্রায়ই তিনি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। শনিবার দিবাগত রাতে তিনি তার মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করা হয়—পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, হত্যার পর সারারাত মায়ের মরদেহের পাশেই অবস্থান করেন অভিযুক্ত জাবের।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, মাদকাসক্ত জাবের হোসেন তার মাকে নিজ বাড়িতে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে মামলা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন