ব্রেকিং নিউজ

এনসিপির আখতার হোসেন: "আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অমীমাংসিত প্রশ্ন রেখে নির্বাচন হতে পারে না"



ঢাকা, ২ এপ্রিল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা এ দেশে রাজনীতি করতে পারে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে সামনে কোনো নির্বাচন হবে না।”

শুক্রবার (২ এপ্রিল) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় আখতার হোসেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার নন, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোথায় সমস্যা?” তিনি আরও প্রশ্ন তোলেন, “যারা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা হয়েছেন, তাদের কাছে প্রশ্ন—যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়?”

এনসিপির সদস্য সচিব আরও বলেন, “৫ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, নৌকা মার্কা এবং মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। আওয়ামী লীগকে নির্বাচনের নিবন্ধন থেকে বাতিল করে সন্ত্রাসীদের খাতায় অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, ততদিন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হতে দেয়া যাবে না।”

তিনি জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “জাতীয় পার্টি স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল। যারা আওয়ামী লীগকে এ দেশে ন্যূনতম স্পেস দেয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলবে।”

আখতার হোসেন দাবি করেন, আওয়ামী লীগের নিষিদ্ধকরণের প্রশ্ন শুধু এনসিপির নয়, এটি বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দলের দাবি। তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। এবং তাদের প্রশ্ন অমীমাংসিত রেখে কোনো নির্বাচন হতে পারে না।”

সর্বশেষে তিনি সরকারের কাছে বলেন, “আওয়ামী লীগের দোসরদের আইনের হাতে তুলে দিন। জনগণের হাতে পড়লে বাংলাদেশে তারা আস্ত থাকবে না।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language