ঢাকা, ২ মে: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “গত ফ্যাসিবাদ এবি পার্টিকে কোনো কাজ করতে দেয়নি। কাগজে কলমে আমাদের বয়স ৫ বছর, তবে বাস্তবতায় এই সময় ১০ মাস।” শুক্রবার (২ মে) এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় ফুয়াদ আরও বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে দায় ও দরদের রাজনীতির কথা আমরা ৫ বছর ধরে বলছি। দ্বিতীয় রিপাবলিকের প্রসঙ্গটি আমরা রাস্তায় নিয়ে এসেছি। পরিবারতন্ত্রের বাইরে রাজনীতির ধারণা আমরাই হাজির করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি, ২৫ এর সমস্যা ২৫ ই সমাধান করতে হবে, অতীতের বিষয়াদি এখানে কাজে আসবে না। আমরা ইস্যুবেইজড রাজনীতি প্রতিষ্ঠিত করেছি।”
তিনি দাবি করেন, “সবার আগে বাংলাদেশ—এই স্লোগান আমরা প্রথম নিয়ে এসেছি। সমস্যা সমাধানের রাজনীতি আমরা আলোচনায় এনেছি। বিকল্প রাজনীতি কী হবে, তা ইতিমধ্যে জনগণের সামনে তুলে ধরেছি। এখন সময় এসেছে নতুন রাজনীতি প্রতিষ্ঠার।”
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বিজয় একাত্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি কাকরাইল, নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জাহাঙ্গীর কাসেম, বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্সসহ এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দলটির নেতারা ভবিষ্যৎ রাজনীতির জন্য এক নতুন দিশা প্রস্তাব করেছেন, যা তাদের মতে দেশের সামগ্রিক পরিস্থিতিতে একটি পরিবর্তন আনার সুযোগ প্রদান করবে।

একটি মন্তব্য পোস্ট করুন