ড. ইউনূসের চিঠি ট্রাম্পকে: শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত তিন মাস স্থগিতের অনুরোধ


ঢাকা, ৭ এপ্রিল
– মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার পাঠানো চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানান।

চিঠির শুরুতেই ড. ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন বাণিজ্য নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতিকে সম্পূর্ণ সমর্থন করে এবং এর সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৭ কোটি মানুষের একটি দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে বাংলাদেশই প্রথম মার্কিন রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমগুলো মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।


ড. ইউনূস আরও বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই মার্কিন পণ্যের ওপর সর্বনিম্ন শুল্ক আরোপ করে। বর্তমানে আমেরিকান কৃষিপণ্যের ওপর শূন্য শুল্ক সুবিধা অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো শীর্ষ মার্কিন রপ্তানিপণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত হ্রাসের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চিঠিতে অশুল্ক বাধা সহজীকরণের দিকটিও তুলে ধরা হয়। প্যাকেজিং, লেবেলিং, ও সার্টিফিকেশন প্রক্রিয়া সরলীকরণ ছাড়াও কাস্টমস ও মানদণ্ড প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও, মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ড. ইউনূস আশা প্রকাশ করেন, এটি বিশেষ করে সিভিল এভিয়েশন এবং প্রতিরক্ষা খাতে মার্কিন বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।

চিঠির শেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানান ড. ইউনূস, যাতে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক আলোচনার সুযোগ তৈরি হয়।

এর আগে, গত ২ এপ্রিল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে উন্নীত হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা এ পদক্ষেপকে "বাণিজ্য যুদ্ধের" অংশ হিসেবে দেখছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language