হবিগঞ্জ, ৭ এপ্রিল:
জামিন না পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি বলেন, “ছয়টি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, অথচ আমি মাত্র ৩২৩ ধারার মামলায় পাঁচ মাস ধরে জামিন পাচ্ছি না। এটা সম্পূর্ণ বৈষম্যমূলক।”
ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। আদালতে নিজেই তার পক্ষে জামিনের আবেদন উপস্থাপন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে আনা হয় এবং বিকেল সোয়া ৪টার দিকে ফের জেলা কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোলচত্বরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল চলাকালে ব্যারিস্টার সুমনের নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়, যাতে বহু সাধারণ মানুষ আহত হন।
ঘটনার পর তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং চুনারুঘাট থানার মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন