বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ, বিজিবির কাছে হস্তান্তর ভারতীয় দুই নাগরিক



দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। এর বিপরীতে বিজিবিও ভারতীয় দুই নাগরিককে বিএসএফের হাতে তুলে দেয়।

শুক্রবার (১ মে) রাত ৮টার পর সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে, দুই বাংলাদেশিকে বিজিবির ক্যাম্পে নিয়ে আসা হয়।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দুপুরে, যখন বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটতে গিয়ে স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা পিলার ৩২০ এর কাছে কাজ করছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে দুই ভারতীয় নাগরিক — অবিনাশ টুডু ও ফিলিপ সরেন —কে আটক করে। পরে তাদের বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে, চলতি বছরের ২৪ জানুয়ারি একই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ। তখনও উত্তেজনার জেরে এক ভারতীয় কৃষককে আটক করে স্থানীয়রা।

সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language