১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা, চার স্তরের নিরাপত্তা চেয়েছে বিএনপি



ঢাকা, ২ মে:

১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তার আগমনকে ঘিরে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা চেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল দেওয়া চিঠিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী হিসেবে ডা. জুবাইদা রহমানের জীবনে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডির পৈত্রিক বাসভবন ‘মাহবুব ভবন’-এ থাকবেন।

চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এতে একটি সশস্ত্র গানম্যান নিয়োগ, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় স্থায়ী পুলিশ প্রহরা এবং প্রবেশপথে আর্চওয়ে স্থাপনের দাবি জানানো হয়েছে।

আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই ফ্লাইটে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ডা. জুবাইদা রহমান ছাড়াও খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

প্রসঙ্গত, ২০০৭ সালে এক-এগারোর সময়কালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে পাড়ি জমান ডা. জুবাইদা। এরপর দীর্ঘ ১৭ বছর ধরে তিনি যুক্তরাজ্যেই বসবাস করছিলেন।

এই সফর ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দেশে ফেরার পর বিএনপির রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা থাকবে কি না, তা নিয়েও চলছে জল্পনা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language