ঢাকা, ২ মে:
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের সাম্প্রতিক ফেসবুক পোস্টের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মন্তব্য ‘সম্পূর্ণ ব্যক্তিগত’, যা সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ সরকার এ ধরনের কোনো মন্তব্য সমর্থন বা অনুমোদন করে না।”
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফজলুর রহমান মন্তব্য করেন, “ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া।” তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দেয় এবং কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, “বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে। সেইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করা হচ্ছে, ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে সরকার বা দেশের অবস্থানের সঙ্গে যুক্ত না করতে।”
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, “অন্তর্বর্তীকালীন সরকারও আ ল ম ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত নয়।”
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের স্পর্শকাতর পরিস্থিতিতে এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন