পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান: অবৈধ বালু উত্তোলনে ৫ জন আটক, জব্দ ড্রেজার ও ট্রলার



নাটোর, ২ মে:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে একটি ড্রেজার ও দুইটি বালু ভর্তি ট্রলার।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি বিক্রির মাধ্যমে নদী তীরবর্তী এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় কৃষকদের দাবি, অবৈধ এই কর্মকাণ্ডের ফলে নদীর পাড় ভেঙে বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে, নিঃস্ব হয়েছেন বহু পরিবার।

তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে এই কার্যক্রম কিছুটা বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

এক স্থানীয় কৃষক জানান, "এই অভিযান না হলে আর কিছুদিনের মধ্যেই আমাদের সব জমি নদীর গর্ভে চলে যেত। সেনাবাহিনী এসে অনেক বড় উপকার করেছে।"

নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language