ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত শুক্রবার (২ মে) ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে চীনা মালিকানাধীন এই কোম্পানিকে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সংবাদ সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইইউ জানিয়েছে, টিকটক ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তর করেছে এবং চীনা কর্তৃপক্ষের সম্ভাব্য প্রবেশাধিকার থেকে ওই ডেটা সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। তারা জোর দিয়ে দাবি করেছে যে, ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা নিয়ে চীনা কর্তৃপক্ষ কখনোই তাদের কাছে কোনো অনুরোধ জানায়নি।
তদন্ত পরিচালনাকারী আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন (ডিপিসি) জানিয়েছে, পূর্বে অস্বীকার করলেও টিকটক অবশেষে স্বীকার করেছে যে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনেই হোস্ট করা হয়েছে। ইইউ-এর পক্ষ থেকে টিকটকের বিরুদ্ধে এটি দ্বিতীয় বৃহত্তম ডেটা সুরক্ষা সংক্রান্ত জরিমানা।
একটি মন্তব্য পোস্ট করুন