বিহার, ভারত — ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে মিড-ডে মিল কর্মসূচির খাবারে ‘মৃত সাপ’ পাওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ মে) এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।
বিবিসির খবরে বলা হয়েছে, বিহারের মোকামা শহরের এক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রায় পাঁচশ শিশুর মধ্যে বিতরণ করা হয় খাবারটি। খাবারের মধ্যে একটি মৃত সাপ থাকার অভিযোগ উঠলেও তা সরবরাহ করা হয় বলেই দাবি স্থানীয়দের।
ঘটনার পরপরই বেশ কয়েকজন শিক্ষার্থী বমি ও পেটব্যথার মতো লক্ষণে অসুস্থ হয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ ও সড়ক অবরোধ করেন।
এনএইচআরসি এক বিবৃতিতে জানিয়েছে, “বিষয়টি যদি প্রমাণিত হয়, তবে তা শিশুদের মৌলিক অধিকার ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।” সংস্থাটি রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। এতে আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরিস্থিতির হালনাগাদ তথ্যও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
ভারতে মিড-ডে মিল কর্মসূচির খাবারে অস্বাস্থ্যকর উপাদান থাকার অভিযোগ নতুন নয়। এর আগেও বিভিন্ন রাজ্যে খাবারে পোকামাকড়, সাপ কিংবা বিষক্রিয়ার মতো ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে বিহারেই এক স্কুলে মিড-ডে মিল খেয়ে বিষক্রিয়ায় ২৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। তদন্তে জানা যায়, খাবারে মারাত্মক বিষাক্ত কীটনাশক মিশে গিয়েছিল।
১৯২৫ সালে চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) শুরু হওয়া মিড-ডে মিল কর্মসূচি পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতেই এই কর্মসূচি চালু করে সরকার। তবে নানা সময় খাদ্যের মান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই উদ্যোগ।

একটি মন্তব্য পোস্ট করুন