বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। এ ছাড়া ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, সেই দিন আর বেশি দূরে নয়—দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অচিরেই দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমানে তারেক রহমান যেভাবে যুক্তরাজ্য থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন, তা শুধু বিএনপির নয়—দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্বও তিনি দিচ্ছেন। অল্প সময়ের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. জুবাইদা রহমান প্রসঙ্গে এক প্রশ্নে ডা. জাহিদ বলেন, তিনি খালেদা জিয়ার সঙ্গে দেশেই ফিরেছেন। এতদিন তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। তিনি কতদিন থাকবেন তা সময়ই বলবে। তবে তিনি আবার ফিরে গিয়ে স্বামী ও কন্যাকে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন।
খালেদা জিয়ার সুস্থভাবে দেশে ফিরে আসায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে খালেদা জিয়াকে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে। এতে শরীরচর্চায় কিছুটা ক্লান্তি দেখা দিলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থেকে কাজ করতে চান বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, চার মাস আগে চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ নানা দিক থেকে সহযোগিতা করেছেন। এজন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন