কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি, গুলিবিদ্ধ ভারতীয়


ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ অবস্থায় সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাকিব কসবায় বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে। গুলির এ ঘটনা ঘটে রোববার (৫ মে) দিবাগত গভীর রাতে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জানান, মধ্যরাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ ও ভারতীয় এক নাগরিক আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত সাকিবকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে মাদলা এলাকার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, “নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।”

বিষয়টি জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language