ঢাকা, ৮ এপ্রিল:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের আটটি বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগ হলো—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট।
এছাড়া ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু স্থানে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন