বিনিয়োগে আগ্রহ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের, নাসার সঙ্গেও চুক্তি

 


ঢাকা, ৮ এপ্রিল:

বাংলাদেশে কাজের সুযোগ তৈরিতে নানা উদ্যোগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে বিশ্বব্যাংক। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার, রাজধানীর এক হোটেলে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, চলতি বছরেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, খুব শিগগিরই সরকার নতুন জ্বালানি নীতি প্রকাশ করতে যাচ্ছে, যা দেশের জ্বালানি খাতকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, এখন থেকে বাংলাদেশ নাসার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে। এই অংশীদারিত্বের মাধ্যমে বিজ্ঞান, শিক্ষা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধানে অংশ নিতে পারবে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার দুপুরে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

ব্রিফিংয়ের পরে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এদিন বিদেশি বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন।

গতকালের সহিংস ঘটনার প্রসঙ্গে বিডা চেয়ারম্যান বলেন, “লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে এবং ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সমস্যা শুধু বাংলাদেশের নয়, অনেক দেশেরই আছে। তবে বাংলাদেশ এই সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে।”

এই সম্মেলনকে ঘিরে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, বহুজাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ভবিষ্যতের অর্থনৈতিক রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language