ঢাকা, ১২ এপ্রিল:
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে মূল কর্মসূচি শুরু হওয়ার আগেই সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে শুরু করে।
শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন পথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায় মিছিলকারীদের। মিছিলকারীদের হাতে বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা দেখা গেছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এদিকে, বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলের আগে মসজিদের উত্তর গেটে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে যৌথবাহিনী টহলে রয়েছে। কালো পতাকা হাতে থাকা ব্যক্তিদের কাছ থেকে সেগুলো রেখে দিতে দেখা গেছে সেনা সদস্যদের।

একটি মন্তব্য পোস্ট করুন