ব্রেকিং নিউজ

কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা মিলল ওবায়দুল কাদেরের



কলকাতা, ১১ এপ্রিল:

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে তাকে হাসপাতালে দেখার কথা জানিয়েছেন এক বাংলাদেশি নাগরিক, যার অভিজ্ঞতা তুলে ধরেছেন ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যা'র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ তার ফেসবুক পোস্টে।

ফেসবুক পোস্টে গাজী নাসির উদ্দীন আহমেদ লিখেন, “আমার এক বন্ধু ডাক্তার দেখাতে কলকাতা গেছেন। তিনি অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রুম থেকে এক ব্যক্তি বের হন, যিনি আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরেছিলেন। বন্ধুটি তাকে দেখে বলেই ফেলেন, ‘ওবায়দুল কাদের না!’—এই কথা বলার পরপরই ওই ব্যক্তি মুখে মাস্ক পরে দ্রুত সরে যান।”

ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, “বন্ধুটি বলেছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার। চিন্তা করতে করতে ব্যাডা বাইরাইয়া গেলো।’ দেখে মনে হয়েছে, তিনি সুস্থই আছেন।”

গত ৫ আগস্ট ২০২৪ সালে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদেরের অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেতার অবস্থান স্পষ্ট থাকলেও ওবায়দুল কাদের কোথায় ছিলেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।

এর আগে, একটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনে জানায়, তিনি ক্ষমতা হারানোর পর তিন মাস বাংলাদেশেই অবস্থান করেন। পরে গত ৮ নভেম্বর ২০২৪ শিলং হয়ে কলকাতায় প্রবেশ করেন বলে দাবি করা হয়।

তবে এবারের অ্যাপোলো হাসপাতালে দেখা যাওয়ার বিষয়টি তার বর্তমান অবস্থান ও শারীরিক সুস্থতা সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language