টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী স্বামীর পাঠানো ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ এক সন্তান নিয়ে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী টুটুল মিয়ার অভিযোগ, তার স্ত্রী সালমা আক্তার তাদের পাঁচ বছর বয়সী সন্তান সালমানকে নিয়ে গত ১৮ মার্চ প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় টুটুল মিয়ার পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার ২৮ দিন পার হলেও এখনো নিখোঁজ স্ত্রী ও সন্তানের সন্ধান মেলেনি।
টুটুল মিয়া জানান, প্রায় ১০ বছর আগে মির্জাপুর উপজেলার মহদীনগর গ্রামের ছানোয়ার হোসেনের কন্যা সালমার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তিনি দীর্ঘদিন বিদেশে থেকে স্ত্রীর নামে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠান। সেই টাকায় তিনি স্বর্ণালংকার ও গৃহস্থালী জিনিসপত্রও পাঠান।
টুটুলের অভিযোগ, তার অনুপস্থিতিতে স্ত্রী সালমা আক্তারের সঙ্গে নরদানা গ্রামের জয়নাল মিয়ার ছেলে আব্দুল কাদেরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তার পাঠানো টাকায় কাদেরের বাড়িতে পাকাঘর নির্মাণ এবং বরাঢী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। পরে পরিকল্পিতভাবে সালমা তার সন্তানসহ প্রেমিক কাদেরের সঙ্গে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরকারী টুটুলের বোন তাসলিমা আক্তার জানান, “ভাই বিদেশ থাকায় আমি বাদী হয়ে থানায় মামলা করি। ভাইয়ের কষ্টের জমানো টাকা এবং ছোট শিশুপুত্রকে নিয়ে এমন কাণ্ড সত্যিই মর্মান্তিক।”
ঘটনার পর থেকে সালমা ও কাদেরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, “তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজদের খুঁজে পেতে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।”
একটি মন্তব্য পোস্ট করুন