কিশোরগঞ্জ, ১২ এপ্রিল:
দেশের অন্যতম আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলতে গিয়ে এবার মিলেছে নজিরবিহীন কিছু চিরকুট। দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে ব্যতিক্রমী বার্তা সংবলিত কয়েকটি বেনামি চিরকুট। তার মধ্যে অন্যতম ছিল—‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’ এবং ‘ড. ইউনূসকে আরও পাঁচ বছর চাই’ লেখা চিরকুট। সামাজিক মাধ্যমে এসব বার্তা ইতোমধ্যেই হাস্যরসের জন্ম দিয়েছে।
আজ শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
দানবাক্সগুলো খুলে এবার পাওয়া যায় ২৮ বস্তা ভর্তি টাকা। টাকা গণনায় অংশ নেয় মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪০০ জন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলা হয়েছে। পরে দোতালায় এনে শুরু হয় টাকা গণনার কাজ।
এর আগে সর্বশেষ দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল নগদ ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা এবং বিপুল স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার।
উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্সে প্রার্থনার পাশাপাশি মানুষের ইচ্ছা-অনুরোধ জানিয়ে চিরকুট রাখার প্রবণতা নতুন কিছু নয়, তবে এবার পাওয়া চিরকুটগুলো ব্যতিক্রমী বার্তায় বেশ চমক জাগিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন