ঢাকা, ১২ এপ্রিল:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি মোটিফে আগুন লাগানোর ঘটনায় একজনকে দায়ী বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন আহমেদ।
তিনি জানান, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি প্রথমে একটি পর্দার আড়ালে প্রবেশ করেন। এরপর মোটিফে কোনো তরল পদার্থ (লিকুইড) ছিটিয়ে দেন এবং পরে দেয়াল টপকে সোহরাওয়ার্দীর দিক দিয়ে সরে পড়েন। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।”
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রক্টর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি আজই অপরাধীকে চিহ্নিত করা যায়, তাহলে আজই ব্যবস্থা নেয়া হবে।”
এ ঘটনার পর চারুকলা প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নববর্ষের প্রাক্কালে এমন একটি ঘটনা শোভাযাত্রার প্রস্তুতিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন