চট্টগ্রাম, ১১ এপ্রিল:
গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবি-তে রেলের পূর্বাঞ্চল কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি। তবে রমজানের মতো পরিস্থিতি এবার নাও থাকতে পারে। যদি লোডশেডিং হয়, সেটা প্রথমেই ঢাকা শহর থেকে শুরু হবে, এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে।”
তিনি আরও বলেন, “গ্রীষ্মে বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখলে ১ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাঁচানো সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এই নির্দেশনা মানছেন না। এ বিষয়ে জনগণকে আরও সচেতন হতে হবে।”
সভায় জ্বালানি উপদেষ্টা রেলওয়ের স্বাস্থ্যসেবা সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, রেলের বিশেষায়িত হাসপাতালগুলো এখন থেকে শুধু রেল কর্মী নয়, সাধারণ জনগণও ব্যবহার করতে পারবেন। হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
রেল কর্মীদের নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দায়িত্ব পালনে কোনো রেল কর্মীকে কেউ বাধা দিলে বা হামলা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
সরকারের এই পদক্ষেপগুলো বিদ্যুৎ ও রেল খাতের সেবার মান বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

একটি মন্তব্য পোস্ট করুন