চট্টগ্রাম, ১১ এপ্রিল:
বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক দিকে এগোলেও মূল্যস্ফীতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “অর্থনীতিতে আমরা এখন স্বস্তির দিকে যাচ্ছি। তবে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।”
গভর্নর জানান, বর্তমানে দেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে এবং রিজার্ভও এখন একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আগামী চার মাসের আমদানি ব্যয় মেটাতে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। সেই সঙ্গে রপ্তানি আয়ও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক স্বস্তিকে তুলে ধরছে।
অর্থপাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. মনসুর বলেন, “বিদেশে কারা কীভাবে সম্পদ পাচার করেছে, তা শনাক্তের প্রক্রিয়া চলছে। বিদেশি সংস্থার সহযোগিতায় এই বিষয়ে কাজ করছে সরকার।”
তিনি আরও জানান, “বিভিন্ন দেশে থাকা পাচারকৃত সম্পদ জব্দ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী ছয় মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। তবে এসব অর্থ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে, কারণ প্রক্রিয়াটি বেশ জটিল।”
বাংলাদেশ ব্যাংক গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, সঠিক নীতিমালা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন