নিউইয়র্ক, ২৬ এপ্রিল:
ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। মার্কিন বিচার বিভাগে চলমান একচেটিয়া বাজার দখলের মামলায় যদি গুগল তাদের জনপ্রিয় ব্রাউজার বিক্রি করতে বাধ্য হয়, তবে ইয়াহু দরপত্র জমা দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গুগলের বিরুদ্ধে সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে মামলা চলছে। চলমান শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে ইয়াহুর সার্চ বিভাগের প্রধান ব্রায়ান প্রভোস্ট জানান, গুগলের ক্রোম ব্রাউজার কিনতে তারা আগ্রহী।
বিশেষজ্ঞরা বলছেন, যদি মামলার রায় গুগলের বিপক্ষে যায়, তাহলে কোম্পানিটিকে তাদের শীর্ষস্থানীয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে হতে পারে। শুধু ইয়াহু নয়, ওপেনএআই ও পারপ্লেক্সিটি-র মতো প্রতিষ্ঠানও ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে প্রযুক্তি দুনিয়ায় গুগলের বাজার কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন