ঢাকা, ২৬ এপ্রিল:
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ আরও ১০ জন শিক্ষকও তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
পদত্যাগপত্রে শিক্ষকরা উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনের সূত্রপাত ঘটে সিএসই বিভাগের এক শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্দশা থেকে। ওই শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করার কারণে তিনি নির্ধারিত সময়ে মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে পারেননি। লিখিতভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর, শিক্ষার্থীকে বাবার মৃত্যুর সনদপত্র জমা দিতে বলা হয়। নির্ধারিত নিয়ম মেনে সনদপত্র জমা দেওয়ার পরও, তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত ফি পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যা শিক্ষার্থীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার বিশ্ববিদ্যালয় খুলতেই ক্যাম্পাসজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এটি শুধুমাত্র একটি ঘটনার প্রতিক্রিয়া নয়; বরং দীর্ঘদিনের জমে থাকা একাডেমিক অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা ও অসন্তোষের বহিঃপ্রকাশ। বাবার মৃত্যুর ঘটনা কেবল তাদের জমে থাকা ক্ষোভ প্রকাশের একটি উপলক্ষ হয়ে দাঁড়ায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পরিস্থিতি শান্ত করতে নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন