আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ২ মে এনসিপির দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা



ঢাকা, ২৬ এপ্রিল:

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সভা শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এই কাউন্সিল সংগঠনের যাবতীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।

পলিটিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়। এই নির্বাহী কমিটি প্রতি তিন মাস পর পর সদস্যদের অবস্থা বিবেচনায় নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যবস্থা নেবে।

এছাড়া, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য অন্তত পাঁচ সদস্যের সমন্বয়ে একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী, এ টিমকে এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র তৈরি করে জমা দিতে বলা হয়েছে।

এনসিপি নেতারা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও সংগঠিত করে তৎপরতা বাড়ানোর লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language