৪৬তম বিসিএস প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজু ভাস্কর্যে অনশন, ৮ দফা দাবি আন্দোলনকারীদের



ঢাকা, ২৬ এপ্রিল:

৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের বহিষ্কার ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ ৮ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছেন পাঁচটি বিসিএস ব্যাচের চাকরি প্রত্যাশীরা।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে—রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ না দেওয়া, ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নতুন করে তৈরি করা এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া, বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রতা ও জট নিরসন এবং পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ হওয়ার পরই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

চাকরিপ্রার্থীরা আরও দাবি করেন, খাতা মূল্যায়নের গতি বৃদ্ধি, নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের সদস্যদের উপস্থিতিতে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চলমান বিক্ষোভে সংহতি প্রকাশ করে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আন্দোলনকারীদের দাবিগুলোকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language