মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এ বছর দেশে গবাদিপশু আমদানির প্রয়োজন নেই। তিনি বলেন, অবৈধ পথে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৪ মে) দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা ও হাট ব্যবস্থাপনা বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, সারাদেশে এবছর কোরবানির জন্য প্রস্তুত আছে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু। ফলে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতির আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, "দেশীয় খামারে উৎপাদিত গরু ও ছাগল দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে। তবে পার্শ্ববর্তী দেশ এবং মিয়ানমার থেকে চোরাই পথে পশু প্রবেশের কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"
পশুবাহী ট্রাক ছিনতাইয়ের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে এমন অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বাসের লকআপে ছাগলসহ কোনো পশু পরিবহন করা যাবে না, কারণ এটি আইন পরিপন্থী।

একটি মন্তব্য পোস্ট করুন