গোপালগঞ্জ, ২৫ এপ্রিল: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুশলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১০টি দোকান। শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চারটি চায়ের দোকান, একটি মুদি দোকান, একটি ফার্মেসি, একটি সেলুন, একটি মোবাইল দোকান, একটি ফলের দোকান এবং একটি অফিস কক্ষ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের জীবনের সমস্ত সঞ্চয় ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসনে প্রশাসনিক সহায়তা কামনা করেছেন তারা।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন