নয়াদিল্লি/ইসলামাবাদ, ২৫ এপ্রিল: জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। হামলার পরপরই নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদকে দায়ী করে একাধিক কূটনৈতিক ও আঞ্চলিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নিয়েছে কঠোর ব্যবস্থা।
ভারত পাকিস্তানের সঙ্গে বহুদিনের সিন্ধু জলচুক্তি বাতিল করেছে। এছাড়া সীমিত করা হয়েছে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক। দিল্লি থেকে জানানো হয়েছে, পাকিস্তানকে দায়মুক্তি দেওয়া হবে না।
অন্যদিকে, ইসলামাবাদও সমানতালে জবাব দিচ্ছে। ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করার পাশাপাশি বাতিল করা হয়েছে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে সিন্ধু পানি চুক্তি বাতিলকে ‘যুদ্ধের উসকানি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
এছাড়া, পাকিস্তান ওয়াগাহ সীমান্ত বন্ধ এবং ১৯৭২ সালের ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ৩০ জনে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
দুই দেশের মধ্যে একের পর এক পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। আন্তর্জাতিক মহল এ উত্তেজনা নিরসনে দ্রুত আলোচনার আহ্বান জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন