ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু



ঢাকা, ২৫ এপ্রিল: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দলের শ্লোগান—‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ দলের নাম এবং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে দলটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক নিশ্চিতে ‘নিসচা’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। দীর্ঘদিনের এই সক্রিয় সামাজিক ভূমিকার ধারাবাহিকতায় এবার তিনি সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন।

দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে প্রায় দুই ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দলটির ভবিষ্যৎ রূপরেখা, নীতিমালা ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত কর্মসূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language