খুলনা, ২৫ এপ্রিল:
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১০ (২) অনুসারে অধ্যাপক ড. মাছুদকে তার নিজ বিভাগে ফেরত পাঠিয়ে ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে, ধারা ১২ (২) অনুযায়ী অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকেও তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়ে প্রো-ভাইস চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উভয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত বুধবার গভীর রাতে কুয়েটের ভিসি ও প্রোভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করে নতুন ভিসি ও প্রোভিসি নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে অস্থায়ীভাবে ভিসির দায়িত্ব দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন