ঢাকা, ২৫ এপ্রিল:
জুলাই, পিলখানা ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদি সমাবেশ’। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে চার দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশ থেকে ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালত ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিষিদ্ধ করা।
২. শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠন, শহীদদের তালিকা প্রকাশ এবং অবিলম্বে বিচার কার্যক্রম শুরু।
৩. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ও সুপারিশ বাস্তবায়ন।
৪. দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচারের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা।
সমাবেশে জানানো হয়, আগামী ১০০ দিনব্যাপী ইনকিলাব মঞ্চ ৬৪ জেলায় গণসংযোগ কর্মসূচি চালাবে। সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না এলে ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “শহীদদের রক্তের দায় যদি এড়িয়ে যাওয়া হয়, তবে তা বর্তমান সরকারের ওপরই বর্তাবে।” তিনি আরও বলেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা না হলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না।
এসময় এ বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অন্তত পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন