ময়মনসিংহ, ২৫ এপ্রিল:
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতার প্রকৃত পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে এক কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সমাবেশে জামায়াত আমির বলেন, “আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। আমরা দেখতে চাই আপনারা কতটা আন্তরিক এবং সক্ষম। যদি জনগণ তাতে সন্তুষ্ট হয়, তবে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে। আর যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে জনগণ হলুদ নয়, সরাসরি লাল কার্ড দেখিয়ে দেবে।”
তিনি আরও বলেন, “দল বা গোষ্ঠীভিত্তিক সুবিধা দেওয়ার কোনো সুপারিশ আমরা মানবো না। ১৮ কোটি জনগণের কল্যাণে যেসব প্রস্তাব আসবে, তা আমরা মাথা পেতে নেবো।”
জামায়াতের নেতা জনগণকে আহ্বান জানান নিজের ব্যক্তিত্ব গঠন এবং ঘরে ঘরে ন্যায় ও সত্যের বার্তা পৌঁছে দিতে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো জুলুম বা নিপীড়ন থাকবে না, কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে না। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”
সম্মেলনে জামায়াত নেতারা সরকারের প্রতি আহ্বান জানান যেন আইনের শাসন নিশ্চিত করে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন