সাতক্ষীরা, ২৫ এপ্রিল: সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তার তিন বছর বয়সী শিশু পুত্র। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা রিতা সাধু (৩২) ও তার ছোট ছেলে।
এই দুর্ঘটনায় রিতার স্বামী অপূর্ব সাধু এবং সাত বছর বয়সী বড় মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরিবারটি মোটরসাইকেলে করে কপিলমুনি থেকে সাগরদাড়ির দিকে যাচ্ছিলেন। কুমিরা এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে জানানো হয়েছে, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে তারা রাস্তায় ছিটকে পড়েন। এরপর বাসচালক না থেমে সরাসরি রিতা সাধু ও তার শিশুপুত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যান। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন