কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

 


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, "দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ্য করছি, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র জনগণ, যারা এই চামড়া বিক্রির টাকার ওপর অনেকাংশে নির্ভরশীল। এই অনিয়ম ও অব্যবস্থাপনার অবসান ঘটানো জরুরি।"

তিনি আরও বলেন, "পশুর চামড়ার বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে জনগণ তাদের প্রাপ্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন।"

এছাড়া কোরবানির পশু পরিবহন ও হাটে বিক্রির সময় পশুর প্রতি যেন কোনো প্রকার নির্দয় আচরণ না করা হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে, চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপি’র যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।

এই নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language