কাশ্মিরে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা: সমাধানের আশাবাদে ট্রাম্প



ওয়াশিংটন, ২৫ এপ্রিল:

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনীতিক বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল ও আকাশসীমা বন্ধসহ একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে সীমান্তযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যা সমাধান করবে।
স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে রওনা হওয়ার আগে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, "আমি ভারতের খুব ঘনিষ্ঠ এবং পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মিরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। পেহেলগামের হামলা ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা।"

ওয়াশিংটন এই সংকট নিরসনে কোনো ভূমিকা রাখবে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প বলেন, "আমি নিশ্চিত, তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় দেশের নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, তবে এটা নতুন নয়।"

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন নিরপেক্ষ অবস্থান দক্ষিণ এশিয়ার সংকট সমাধানে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language