ব্রেকিং নিউজ

রিতু মনির নায়কোচিত ইনিংসে বিশ্বকাপের পথে বাংলাদেশ নারী দল


লাহোর, ১৩ এপ্রিল:

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। মাত্র ২ রান তুলতেই দুই ওপেনারের বিদায়ে জয়ের আশায় ধাক্কা লাগে লাল-সবুজ শিবিরে। তবে নিগার সুলতানার হাফসেঞ্চুরিতে ম্যাচে ফেরে দল। এরপর ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা। এমন পরিস্থিতিতে একাই হাল ধরেন রিতু মনি।

রিতুর বীরোচিত ৬৭ রানের ইনিংসে ভর করে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ। ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লাল-সবুজরা।

শেষ ওভারে ১৩ রানের দরকার ছিল। মুরের ওভারে নাহিদা আক্তারের একটি চার এবং রিতুর ফ্রি হিটে মারা ছক্কায় ম্যাচ শেষ করে বাংলাদেশ। ৬১ বলে ৬৭ রানের ইনিংসে রিতু হাঁকান ৬টি চার ও ১টি ছক্কা। ১৭ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন নাহিদা। নবম উইকেটে তাদের ৫৪ রানের জুটিই জয়ের ভিত্তি গড়ে দেয়।

এর আগে, নিগার সুলতানা করেন ৬৮ বলে ৫১ রান। শারমিন আক্তার ২৪ এবং ফাহিমা খাতুন ২৮ রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও আয়ারল্যান্ড মাঝপথে ঘুরে দাঁড়ায়। ওরলা প্রেনডারগাস্ট ও লরা ডিলানির চতুর্থ উইকেটে ৭২ রানের জুটিতে চাঙ্গা হয় দলটি। ডিলানি খেলেন ৭৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস। প্রেনডারগাস্ট ৪১, হান্টার ৩৩ এবং কেলি ১৭ বলে ২৪ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৩ উইকেট নেন ৩৯ রানে। ২ উইকেট পান ফাহিমা খাতুন, যদিও ৮ ওভারে খরচ করেন ৫০ রান।

এই জয়ের ফলে বাছাইপর্বের ছয় দলের মধ্যে রানরেটে শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করে রিতুরা। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা এগিয়ে। সমান জয়ে পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে, তবে রানরেটে পিছিয়ে।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ এক ধাপ অতিক্রম করল নিগার সুলতানাদের বাংলাদেশ নারী দল।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language