ব্রেকিং নিউজ

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, স্থগিত উৎসব



চট্টগ্রাম, ১৩ এপ্রিল – চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত উৎসবের মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ডিসি হিল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা মঞ্চের সামনে রাখা চেয়ার, টেবিল ভাঙচুর করে এবং পর্দা ছিঁড়ে ফেলে। হামলাকারীরা অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সাজসজ্জা উপকরণও ধ্বংস করে দেয়। এছাড়া মঞ্চ প্রস্তুতিতে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলার অভিযোগও উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা ‘শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে দেওয়া হবে না’— এমন হুঁশিয়ারি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পরিস্থিতি বিবেচনায় আগামীকাল অনুষ্ঠেয় বৈশাখী উৎসব স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।

পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিতা দাশ অভিযোগ করেন, “প্রশাসন শুরু থেকেই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেনি এবং অনুমতি প্রদানেও গড়িমসি করেছে। এ ধরনের অসহযোগিতার ফলেই আজকের এই দুঃখজনক ঘটনা ঘটেছে।”

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পেছনে কারা জড়িত, তা শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language