বাংলাদেশি পাসপোর্টে পূর্বে থাকা ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি আবারও পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আজ রোববার (১৩ এপ্রিল) প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ে প্রাসঙ্গিক গুরুত্বসহ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
উল্লেখ্য, আগে বাংলাদেশি পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকত—“এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” তবে ২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশে ই-পাসপোর্ট চালু হলে এই শর্তটি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তখন সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, যার ফলে ব্যাপক বিতর্ক ও সমালোচনা দেখা দেয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ তার পূর্বের কূটনৈতিক অবস্থানে ফিরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনঃস্থাপন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন