ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে গতকাল শনিবার (১২ এপ্রিল) আটজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাস, একে ‘অমানবিক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজ-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইরানি কর্তৃপক্ষ জানায়, হামলার ঘটনাটি ঘটে মেহারিস্তান জেলার একটি গ্রামে। নিহতরা সবাই পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা এবং তারা স্থানীয় একটি গাড়ির ওয়ার্কশপে ডেন্টিং, রঙ ও মেরামতের কাজ করতেন।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (বিএনএ)। ইরানি পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে কার্যক্রম চালাচ্ছে।
ইরানি এক কর্মকর্তা বলেন, “এই হামলা ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করব।”
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে হামলাকারীরা ওই ওয়ার্কশপে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ এবং নাসির।
ঘটনাটি ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন