রাজশাহী, ২৫ এপ্রিল:
রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ জন কৃষকের ২০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর সরদারপাড়া বিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, জুমার নামাজের সময় হওয়ায় পানের বরজগুলো প্রায় ফাঁকা ছিল। এ সময় বরজের দক্ষিণ পাশে আগুন জ্বলতে দেখে কয়েকজন কৃষক চিৎকার শুরু করেন। তাদের ডাক শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং পরে বাগমারা ও মোহনপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ বরজের এক প্রান্তে আগুন দেখা দিলে মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় কৃষকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্যোগ নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে পানের বরজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার রফিকুল ইসলাম জানান, "মোহনপুর ও বাগমারার দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পান বরজে ফেলে রাখা বিড়ি-সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।"
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, "ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন